
মুন্সীগঞ্জের গজারিয়ায় হালিমা আক্তারকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারিক কার্যক্রম শেষে শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গজারিয়া শাখা।
গতকাল শুক্রবার বিকালে গজারিয়া থানা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি গজারিয়া থানার উত্তর গেট থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে সংক্ষিপ্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সেলিম মিয়া, গজারিয়া উপজেলা এনসিপির সংগঠক ইউসুফ হাসান, মশিউর রহমান সাব্বির, সোহাগ মিলন, সিয়াম সিকদার, আজমীসহ স্থানীয় এনসিপি নেতাকর্মীরা।
সমাবেশে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সেলিম মিয়া বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারীদের প্রতি সহিংসতার হৃদয়বিদারক খবর আমাদের ব্যথিত করছে। এসব ঘটনার পেছনে প্রধান কারণ হিসেবে দুর্বল আইন ও বিচারিক দীর্ঘসূত্রতাকে দায়ী করছি। হালিমা ও রামিসাসহ নির্যাতিত সকল পরিবারের পাশে জাতীয় নাগরিক কমিটি সর্বদা সোচ্চার থাকবে।’ ?তিনি আরও বলেন, সরকারের কাছে আমাদের জোর দাবি বিচারিক কার্যক্রমে গতি আনয়ন করুন। প্রচলিত আইনগুলো সময়োপযোগী করে সংস্কার করুন এবং স্বল্পতম সময়ের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ করে প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন।