
নওগাঁয় এলাকবাসীর সহযোগীতায় দুই ছিনতাইকারীকে আটকসহ রিকশা জব্দ করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের শতপুর পুটিমারী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার কুশাডাঙ্গা দেওয়ান পাড়া গ্রামের দেওয়ান মাহবুব আলম এর ছেলে রিক্সা চালক সুলতান শাহরিয়ার ও হামিদ মোল্লার ছেলে আব্দুল ওয়াহেদ।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়- জেলার মহাদেবপুর উপজেলার হাতিমনডোলা গ্রামের যুবক মেহেদী হাসান তার মামার সঙ্গে দেখা করার জন্য সদর উপজেলার দুবলহাটি মোড়ে আসে। মামার সঙ্গে দেখা করে ব্যাটারি চালিত রিকশা যোগে রাত সাড়ে ১০টার দিকে ফেরার সময় ইন্টিতলা মোড় নামক স্থানে পৌঁছিলে একজন লোক রিকশায় উঠার জন্য রিকশাটি দাঁড় করায়। মেহেদী ওই লোকটিকে রিকশায় উঠতে নিষেধ করার পরও রিকশাচালক তার বন্ধু বলে জানায় এবং সামনে গিয়ে নেমে যাবে বলে অনুরোধ করে। ওই লোককে রিকশয় উঠিয়ে সোজা রাস্তা রেখে ঘুরে অন্য রাস্তা দিয়ে যেতে থাকে।
কিছু দূর পর মেহেদী প্রসাব করার কথা বলে শতপুর পুটিমারী পাকা রাস্তার উপর রিকশা থেকে নামলে পেছনে থেকে রিকশাচালক সুলতান শাহরিয়ার ও আব্দুল ওয়াহেদ চাকু দিয়ে খুন জখমের ভয় দেখিয়ে ওয়ালেট এ থাকা ৫ হাজার টাকা এবং একটি সিম্পনি বাটন মোবাইল ফোন ছিনতাই করে নেয়। এসময় মেহেদী হাসান এর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের দুইজনকে আটক করে থানা পুলিশে সংবাদ দেয়। পরে সংবাদ পেয়ে সদর থানার পুলিশ রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে তাদের আটক করে নিয়ে আসে। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত চাকু ও রিকশা উদ্ধার জব্দ করা হয়। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।