
জামালপুরের দেওয়ানগঞ্জে রেলে কাটা পড়ে মনোয়ার হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছে।
গতকাল শনিবার সকাল অনুমানিক ৬টা ৪৩ মিনিটে ঢাকা-দেওয়ানগঞ্জ রেলরুটের জামালপুর রেলওয়ে থানাধীন দেওয়ানগঞ্জ সুগার মিল সংলগ্ন (গাবতলী) এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্র জানায়, গতকাল সকালে দেওয়ানগঞ্জ স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে উঠার সময় হাত ফসকে পড়ে যায়। এতে ট্রেনে কাটাপড়ে মনোয়ার হোসেন (২৭) নামে ওই যুবক ঘটনাস্থলেই মারা যান। নিহত মনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া মধ্যপাড়া গ্রামের দুদু মিয়ার ছেলে বলে জানা গেছে । জামালপুর রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, ওই যুবক গার্মেন্টসের শ্রমিক। গাবতী এলাকায় চলন্ত ট্রেনে উঠার সময় পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা যায়।