
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা এলাকায় কংস নদীর ওপর নির্মিত একটি স্টিলের বেইলি ব্রিজ বালুবাহী ট্রাকসহ ধসে পড়ায় জেলা সদরের সঙ্গে উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল রোববার ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় চরম দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। একই সঙ্গে বিপাকে পড়েছেন স্থানীয় ধান, সবজি ও মাছ ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধোবাউড়া-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের গোয়াতলা বাজার সংলগ্ন কংস নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিভিন্ন সময় বাঁশ ও কাঠ দিয়ে জোড়াতালি দিয়ে যান চলাচল সচল রাখা হলেও স্থায়ী সমাধান হয়নি।
রোববার ভোর আনুমানিক ৪টার দিকে ধোবাউড়া থেকে ময়মনসিংহগামী একটি বালুভর্তি ট্রাক ব্রিজটি অতিক্রম করার সময় বিকট শব্দে সেটি মাঝখান থেকে ধসে নদীতে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন বলে জানা গেছে। ব্রিজটি ধসে পড়ার পর ময়মনসিংহ-ধোবাউড়া সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
ফলে ধোবাউড়া উপজেলার বিভিন্ন এলাকার মানুষের জেলা সদরে যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিকল্প সড়ক ব্যবহার করতে গিয়ে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের প্রায় ৪০ কিলোমিটার অতিরিক্ত পথ অতিক্রম করতে হচ্ছে।
এদিকে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা। ধোবাউড়ার কলসিন্দুর ও গোয়াতলা অঞ্চলের মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতিদিন ভোরে বিপুল পরিমাণ জীবন্ত ও তাজা মাছ ময়মনসিংহ হয়ে ঢাকার বিভিন্ন আড়তে পাঠানো হয়। ব্রিজ ধসে যাওয়ায় মাছবাহী যানবাহন আটকা পড়েছে। বিকল্প পথে দীর্ঘ সময় ব্যয় হওয়ায় মাছ মারা যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলবে। গোয়াতলা বাজারের সবজি ব্যবসায়ীরাও একই ধরনের সংকটের কথা জানিয়েছেন। হাটের দিনে বিভিন্ন ধরনের কাঁচা সবজি পরিবহনের প্রস্তুতি থাকলেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পণ্য পরিবহন সম্ভব হচ্ছে না। ফলে দ্রুত নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে বিপুল পরিমাণ সবজি।
ধান ব্যবসায়ীদের মতে, চলতি মৌসুমে ধান বিভিন্ন চাতাল ও মিলগুলোতে সরবরাহের কাজ চলছিল। কিন্তু ব্রিজ ধসে পড়ায় পরিবহন ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে, যার নেতিবাচক প্রভাব পড়বে কৃষকদের ওপরও। ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হোসাইন জানান, ভোরে একটি বালুভর্তি ট্রাক পার হওয়ার সময় গোয়াতলা এলাকায় কংস নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি ধসে পড়ে।
খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু করতে উপজেলা প্রকৌশলীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, গত কয়েকদিন ধরে ব্রিজটির মেরামত কাজ চলছিল। তবে সংস্কার কার্যক্রম চলমান অবস্থায় ভারী যানবাহনের অতিরিক্ত চাপের কারণে ব্রিজটি ধসে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত একটি বিকল্প সড়ক বা ডাইভারশন নির্মাণ এবং স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে এলাকার কৃষি, মৎস্য ও ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।