
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হাজরাহাটি বাজার এলাকায় গরু ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে কুপিয়ে প্রায় ৭ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। গুরুতর আহত ওই ব্যবয়ায়ীকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে রায়গঞ্জ উপজেলার তেলিজানা গ্রামের মৃত মনছের আলীর ছেলে। কাজিপুর থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত গরু ব্যবসায়ী গত রোববার বিকালে কাজিপুরের সোনামুখী হাটে গরু বিক্রি করে অপর ৩ গরু ব্যবসায়ীর সঙ্গে সিএনজিযোগে বাড়ি ফিরছিল। এ সময় ওই বাজার এলাকায় পৌঁছলে ১টি মটোর সাইকেলে ৩ ছিনতাইকারী সিএনজির গতিরোধ করে ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে কুপিয়ে আহত করে এবং আব্দুর রাজ্জাকসহ অপর ৩ ব্যবসায়ীর ৬ লাখ ৯০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।
এ তিন ব্যবসায়ী হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার চিলগাছা গ্রামের ইউসুফ, লিটন মিয়া ও রুহুল আমিন। গুরুতর অবস্থায় আব্দুর রাজ্জাককে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যপারে ওইদিন রাতেই গরু ব্যবসায়ী রুহুল আমিন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। গতকাল সোমবার সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান শুরু করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।