
নারায়ণগঞ্জ ৬১৩ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন বিক্রি ও বিক্রয়ের জন্য প্রদর্শনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে শহরের দিগুবাবুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান এবং মো. আরিফ ইশতিয়াকের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক রিমা আক্তার প্রসিকিউশন পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ক ধারা লঙ্ঘনের দায়ে দিগুবাবুর বাজারের সুমন স্টোর থেকে ২১০ কেজি পলিথিন জব্দ করে ১০ হাজার টাকা, বিসমিল্লাহ স্টোর থেকে ২৫৮ কেজি পলিথিন জব্দ করে ৭ হাজার টাকা এবং সিদ্দিক স্টোর থেকে ১৪৫ কেজি পলিথিন জব্দ করে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এইচ এম রাশেদ বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ পরিবেশের জন্য মারাত্মক হুমকি। পলিথিনের বিক্রয়, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষায় সবাইকে আইন মেনে চলার আহ্বান জানাই।’