ঢাকা মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

বরগুনায় ব্যবসায়ীর মাথাবিহীন লাশ উদ্ধার

আতঙ্কে এলাকাবাসী
বরগুনায় ব্যবসায়ীর মাথাবিহীন লাশ উদ্ধার

বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের একটি খাল থেকে শামীম (৩৫) নামে এক ব্যবসায়ীর মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিহত শামীম গৌরিচন্না ইউনিয়নের বাসিন্দা মুনসুর আলী বেপারির ছেলে। তিনি স্থানীয়ভাবে ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাত ১১টার পর থেকে শামীমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার সকালে গৌরিচন্না বাজারসংলগ্ন খালের পাড়ে রক্তের দাগ দেখতে পান স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা আশপাশে অনুসন্ধান চালান। একপর্যায়ে খালের পানিতে একটি মাথাবিহীন লাশ ভাসতে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে বরগুনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। লাশের অবস্থা দেখে এটি একটি নৃশংস ও পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। তাদের মতে, হত্যার পর পরিচয় গোপনের উদ্দেশ্যে দুর্বৃত্তরা শামীমের মাথা বিচ্ছিন্ন করে থাকতে পারে। ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম জানান, ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত তা উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি নিখোঁজ মাথা উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

পুলিশের ভাষ্য, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত