
জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে নিপু মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত রবিবার গভীর রাতে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া গামার বিলে মজিবর রহমান এর সেচ পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নেশার টাকা যোগাতে গিয়েই এ চুরির ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। নিহত নিপু মিয়া উপজেলার একই ইউনিয়নের বড়বাড়ীয়া পূর্ব পাড়া গ্রামের ওসমান মিয়ার ছেলে ও দুই সন্তানের জনক বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিপু আগে প্রবাসে থাকতেন। বিদেশ থেকে দেশে ফিরে এসে বিভিন্ন নেশার সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। গতকাল রাতে একই এলাকার গামার বিলে মজিবর রহমানের পিডিবির সেচ পাম্পে তার চুরি করতে যায়। এ সময় বিদ্যুতায়িত পিডিবির সার্ভিস তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গতকাল সোমবার ভোরে স্থানীয় পথচারীরা তার লাশ শষ্যক্ষেতের মধ্যে মাটিতে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে সংবাদ পেয়ে থানার এসআই শাহীনুর ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্যে লাশ উদ্ধার করে নিয়ে যায়। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, বিদ্যুতের তার চুরি করতে গিয়েই বিদ্যুতায়িত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এছাড়াও নিপুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছ। ময়নাতদন্ত এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।