
চুয়াডাঙ্গা জেলা কারাগার পরিদর্শন করছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার গতকাল সোমবার দুপুরে কারাগার পরিদর্শন করে তিনি কারাগারের সার্বিক পরিবেশ, বন্দিদের আবাসন, খাদ্য ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক লুৎফুন নাহার কারাবন্দীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শোনেন এবং প্রতিকারযোগ্য বিষয়সমূহ দ্রুত সমাধানের আশ্বাস দেন।
এ সময় জেলা প্রশাসক লুৎফুন নাহার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, কারাগারগুলো শুধু বন্দীশালা না থেকে প্রকৃত অর্থে সংশোধনাগার হিসেবে গড়ে উঠবে। যেখানে বন্দিদের সংশোধন ও পুনর্বাসনের সুযোগ আরও সম্প্রসারিত হবে।
পরিদর্শনের সময় তিনি জেলা কারাগারে অনুষ্ঠিত বিভিন্ন মাসিক ও ত্রৈমাসিক কমিটির কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এছাড়া কারাগারের বিভিন্ন রেজিস্টার ও নথিপত্র যাচাই করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।