
গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে ময়লার স্তুপ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকার আদিব ডাইং কারখানা সংলগ্ন ময়লার স্তুপ থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, মহাসড়কের পাশে স্থানীয় আদিব ডাইং কারখানা সংলগ্ন ময়লার ভাগাড়ে অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পথচারী ও স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার গায়ে সাদা টিশার্ট এবং পরনে গ্রামীণ চেকের ট্রাউজার ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, দুর্ঘটনায় যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে অথবা দুর্বৃত্তরা যুবককে অন্য কোনো স্থানে হত্যা করে রাতের কোনো এক সময় মরদেহ মহাসড়কের পাশে ময়লার ভাগাড়ে ফেলে রেখে যেতে পারে।