
‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এসইডিপি প্রকল্পের আওতায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
শরীয়তপুর : শরীয়তপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ (আসলাম)। গতকাল বেলা ১১টায় পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ফজলুল হক, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনন্দময় ভৌমিক। অনুষ্ঠানে উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১জন শিক্ষার্থীকে বিশেষ কৃতিত্বের জন্য সনদ ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ১৪টি প্রদর্শিত স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণার স্টল পরিদর্শন করেন। এ সময় তারা শিক্ষার্থীদের উদ্ভাবনী কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও নতুন নতুন গবেষণা ও প্রযুক্তিনির্ভর প্রকল্প নিয়ে কাজ করার উৎসাহ প্রদান করেন।প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আহমেদ (আসলাম) বলেন, বর্তমান বিশ্বে যে জাতি বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে এগিয়ে থাকবে, সেই জাতিই উন্নয়ন ও সমৃদ্ধির নেতৃত্ব দেবে। তাই দেশের শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা মনোভাব গড়ে তুলতে হবে।
শেরপুর : এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এর আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ এবং জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রেজুয়ান।
উদ্বোধনী সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চাঁন মিয়া। উদ্বোধন শেষে অতিথিরা সদর উপজেলার দশটি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে উদ্ভাবনী বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় সেকান্দর আলী মহাবিদ্যালয় এর অধ্যক্ষ শামছুল আলম, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা : সাতক্ষীরা শহরের নবারুণ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস), এসইডিপি এবং ঢাকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আয়োজনে ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর কবীর, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবুল হোসেন। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্বাস আলী সরদার, সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ মনজুরুল হক প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপমা আহমেদ নাবিলা। উপজেলা পর্যায়ের এই বিজ্ঞান প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৮টি স্টল স্থান পায়। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায় শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
হালুয়াঘাট(ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা অডিটোরিয়াম হলরুমে কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)জাকিয়া সুলতানা রোজি,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল,পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ,উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম,উপজেলা আইসিটি কর্মকর্তা আশিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজিত এই প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের তৈরি করা চমৎকার সব উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট এবং নতুন স্টার্টআপ আইডিয়া প্রদর্শন করেন।
সাটুরিয়া( মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সাটুরিয়ায় ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তারা বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিভিন্ন প্রজেক্ট স্টার্টআপ পরিকল্পনা এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম রিতা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বর্তমান যুগে বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে তরুণ শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা ফকির মো. জাকির হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
বীরগঞ্জ(দিনাজপুর): বীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। উদ্বোধন শেষে প্রধান অতিথি সুমা খাতুন প্রতি ষ্টল পরিদর্শন করেন। বিকালে উপজেলা পরিষদ হলরুমে বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাঃ জুলফিকার আলী শাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। তিনি তার বক্তব্য বলেন শিক্ষার কোন শেষ নেই। প্রতিটি শিক্ষাই জীবনের একটি অংশ। সকল শিক্ষার্থীদের বিজ্ঞান প্রযুক্তি শিক্ষার প্রয়োজন আছে। ভবিষ্যতকে উজ্জ্বল ময় করার লক্ষ্যে।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন বীরগঞ্জ সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আসাদুজ্জামান। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোছাঃ মুনতাহা। আলোচনা শেষে ষ্টলে প্রথম বীরগঞ্জ ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষানিকেতন। দ্বিতীয় নপাড়া স্কুল এন্ড কলেজ এবং তৃতীয় রহিম বখস দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঝে ক্রেষ্ট ও সনদ প্রদান করেন প্রধান অতিথি সুমা খাতুন। উপজেলার মোট ১৫টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক - শিক্ষার্থীরা অংশ নেয়। বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেন উপস্থিত ছিলেন।
কাউখালী (পিরোজপুর) : উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পর্যায়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। এতে বক্তব্য রাখেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার এবং উপজেলা আইসিটি কর্মকর্তা মো. মেহেদী হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোট ১৫টি স্টল স্থান পায়। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তাধারা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং প্রযুক্তিনির্ভর নানা ধারণা উপস্থাপন করে। অতিথিরা স্টলগুলো পরিদর্শন করে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, “বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের গণ্ডিতে সীমাবদ্ধ থাকলে চলবে না।
বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে এ ধরনের প্রদর্শনী অত্যন্ত কার্যকর।
ভবিষ্যতে আরও বেশি সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানকে অংশগ্রহণের সুযোগ করে দিয়ে বিজ্ঞান ও উদ্ভাবন চর্চাকে আরও এগিয়ে নেওয়া হবে। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।