
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সামসুজ্জামান সামু। তিনি রংপুর মহানগর বিএনপির আহবায়ক পদে রয়েছেন। এ নিয়োগের খবরে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবী মহলে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে। তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রংপুর মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গত গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব তাকে এই পদে নিয়োগ প্রদান করেন। জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন সামসুজ্জামান সামু। ওই নির্বাচনে তিনি রেকর্ড সংখ্যক ভোট পান। তিনি বর্তমানে রংপুর মহানগর বিএনপি-এর আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সামসুজ্জামান সামু ঐতিহ্যবাহী কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল-এর সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি রংপুর জেলা ছাত্রদল-এর সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবেও নেতৃত্ব দেন। এছাড়া তিনি রাজশাহী বিভাগীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। সে সময় বৃহত্তর রংপুর অঞ্চলে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের সভাপতির দায়িত্বে থেকে আন্দোলনের সম্মুখসারিতে নেতৃত্ব দেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও তিনি সক্রিয় ভূমিকা রাখেন বলে দলীয় সূত্রে জানা গেছে। দীর্ঘ সময় বিরোধী দলে থাকা অবস্থায় সামসুজ্জামানের বিরুদ্ধে ৫০টিরও বেশি মামলা দায়ের করা হয় বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে। এসব মামলার কারণে তিনি প্রায় ২০ বার কারাবরণ করেন। বিশেষ করে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে গত ৫ আগস্টের পূর্বে তাঁর নামে ২৫টি মামলা দায়ের করা হয়, যার অধিকাংশেই তিনি প্রধান আসামি বা হুকুমের আসামি হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন। তিনি এক সময় কৃতি খেলোয়াড়ও ছিলেন। ক্রীড়া সংগঠক ও শিক্ষানুরাগী হিসেবে তিনি পরিচিত। এমএ ডিগ্রিধারী সামসুজ্জামান সামু বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, ক্রীড়া ও পেশাজীবী সংগঠনসহ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। রংপুরের সিনিয়র নেতা হিসেবে পরিচিত সামসুজ্জামান সামু পেশায় একজন ব্যবসায়ী। তিনি ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে ওআইসির শীর্ষ সম্মেলনে সেনেগাল সফর করেন।