
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিলা ভালকি গ্রাম থেকে রাফিন (১৫) নামে এক শিশু অপহরণের এক সপ্তাহ পর সদর উপজেলার কুতুবপুর বিলের অর্জুনখাল থেকে গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রাফিন আলমডাঙ্গা উপজেলার চিলাভালকি গ্রামের আখতারুজ্জামানের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার চিলা ভালকি গ্রামের রাফিন গত শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে অবশেষে গত বুধবার (১০) রাফিনের দাদি আমেনা খাতুন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। অপহরণের এক সপ্তাহ পর শুক্রবার (১২ জুন) দিবাগত রাতে জেলেরা মাছ ধরার সময় সদর উপজেলার কুতুবপুর বিলের অর্জুনখালে একটি গলিত লাশ দেখে। এরপর সদর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের চেষ্টা করে।
ওই রাতে ডোম না পাওয়ার কারণে লাশ উদ্ধার করতে না পেরে অবশেষে শনিবার দুপুরে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নিহত রাফিনের দাদি আমেনা খাতুন জানান, গত শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় তার নাতি রাফিন বাড়ি থেকে বাইরে যাওয়ার নাম করে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি পর না পেয়ে অবশেষে গত বুধবার থানায় একটি মামলা দায়ের করি । এরপর আজ শনিবার সকালে জানতে পারি কুতুবপুর বিলে একটি মরদেহ ভাসছে। ঘটনাস্থলে পৌঁছে তার লাশ শনাক্ত করি। আলমডাঙ্গা থানার ওসি অপারেশন হোসেন আলী জানান, নিহতের দাদি আমেনা খাতুন বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।