
নোয়াখালী বেগমগঞ্জের পৌর হাজীপুর আইডিয়াল স্কুলের মেধাবী ছাত্র আরাফাত হোসেন ফাহিম হত্যা মামলার প্রধান আসামি মাদক কারবারি হারুনের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় এলাকা ও পৌর বাজার প্রদক্ষিণ করে নোয়াখালী সুপার মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। বিক্ষোভ চলাকালে এই সময় আন্দোলনকারীরা প্রধান সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়ে সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ অব্যাহত রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থী আরাফাত হোসেন ফাহিমকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা অভিযোগ করেন, মাদক কারবারকে কেন্দ্র করে সংঘটিত এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও সহযোগীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত না করা হলে সমাজে অপরাধপ্রবণতা আরও ভয়াবহ আকার ধারণ করবে। বক্তারা আরও বলেন, ফাহিম হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না জনগণ। কর্মসূচি থেকে ফাহিম হত্যা মামলার প্রধান আসামি হারুনের ফাঁসি, ঘটনার সঙ্গে জড়িত সকলের দ্রুত গ্রেপ্তার এবং বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জোর দাবি জানানো হয়। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা।