
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আইনি সহায়তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ‘ফ্রি লিগ্যাল এইড ক্যাম্প, আইনি সচেতনতামূলক কর্মশালা এবং প্যানেল ডিসকাশন’ গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর লিগ্যাল এইড ক্যাম্প এবং ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে কর্মশালা অনুষ্ঠিত হয়। ফিতা কেটে লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) ও রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ও রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি। অনুষ্ঠানে সঞ্চালনা করেন চাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ।
উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করতে চাকসুর এ প্রয়াস সত্যিই প্রশংসনীয়। অনেক সময় সঠিক আইনি পরামর্শের অভাবে শিক্ষার্থীরা নানা জটিলতায় ভোগেন। দক্ষ আইনজীবীদের মাধ্যমে ক্যাম্পাসেই এ ধরনের সেবা ও কর্মশালার আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম এমন আয়োজনের জন্য চাকসুকে ধন্যবাদ জানান। পাশাপাশি ত্যাগের মানসিকতা নিয়ে আইনজীবীরা যে সেবার দেওয়ার জন্য ছুটে এসেছেন সেজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, প্রশাসন সবসময় এ ধরনের ছাত্রবান্ধব ও গঠনমূলক কাজের পাশে থাকবে। এ উদ্যােগের মাধ্যমে শিক্ষার্থীরা সহযোগিতা এবং অনেক সমস্যার সমাধান পাবে। এছাড়া বিভিন্ন বিষয়ে সচেতন হতে পারবে। তিনি সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, চাকসু সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করতে দায়বদ্ধ। শিক্ষার্থীদের আইনি সচেতনতা বৃদ্ধি এবং যেকোনো আইনি প্রয়োজনে দক্ষ আইনজীবীদের পরামর্শ সহজে পৌঁছে দিতেই আমাদের এই আয়োজন।