
দিনাজপুরের বোচাগঞ্জে ডিএন অটোরাইস মিলের স্বত্বাধিকারী শিল্পপতি মোস্তাফিজুর রহমানকে পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্ত্রী শিল্পির বিরুদ্ধে। এ ঘটনায় দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ নিহতের সাবেক স্ত্রী শিল্পিকে আটক করেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় বোচাগঞ্জে ডিএন অটোরাইস মিলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান (৪০) হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে গত রোববার রাত ৯টার সময় মোস্তাফিজুর রহমানকে রামদাস পাড়ায় তার ডিএন অটোরাইস মিলের বৈঠকখানা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাত ১১টার সময় তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার হাসাপাতালে ভর্তি করা হয়। স্থানীয় এবং মিলের শ্রমিকদের সূত্রে জানা যায়, প্রায় সময় সাবেক স্ত্রী শিল্পি মিলে আসতেন এবং মোস্তাফিজুর রহমানের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হতেন। রোববারও এই ঘটনা ঘটে। কেউ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়নি। তারা মনে করেছিল পূর্বের মতো আজও ঝগড়া হচ্ছে। কিন্তু রাতে পায়ের রগ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়। পরিবারের লোককজন তাকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যায়। সোমবার সকালে তিনি মারা যান।
দিনাজপুর সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মো. মনিরুজ্জামান বলেন, ডি এন অটো রাইস মিলের স্বত্বাধিকার মোস্তাফিজুর রহমান রোববার দুপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আহত হন। কিন্তু রাত ৯টার সময় প্রথমে তাকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারি তার পূর্বের স্ত্রী এখানে যাওয়া আসা করেন।সাবেক স্ত্রীর বিরুদ্ধে পূর্বে নির্যাতনের অভিযোগও রয়েছে। আমরা প্রাথমিক অবস্থায় কোতোয়ালি থানার সহায়তায় সাবেক স্ত্রী শিল্পিকে হেফাজতে নিয়েছি। আমাদের তদন্ত এবং নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, নিহত মোস্তাফিজুর রহমান বিশিষ্ট শিল্পপতি জহুরা অটোরাইস মিলের স্বত্বাধিকারী আব্দুল হান্নানের ছোট ভাই। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একজন মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।