
পিরোজপুরের জিয়ানগর উপজেলার বহুল আলোচিত নমিতা রানী পাল হত্যা মামলার প্রধান আসামি কামাল পঞ্চায়েতকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব-৮। গত রোববার রাত সারে ৭টার দিকে ভাণ্ডারিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোটকানুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত কামাল পঞ্চায়েত জিয়ানগর উপজেলার দক্ষিণ চণ্ডীপুর গ্রামের মৃত আবু পঞ্চায়েতের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ২৮ মে জিয়ানগর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের দক্ষিণ কলারণ গ্রামের বাসিন্দা নমিতা রানী পালকে শ্বাসরোধে হত্যা করা হয়। নিহত নমিতা রানী পাল একই গ্রামের রাধেশ্যাম চন্দ্র পালের স্ত্রী। ঘটনার পরদিন ২৯ মে রাধেশ্যাম চন্দ্র পাল বাদী হয়ে ইন্দুরকানী থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় এর আগে নিহতের পুত্রবধূ বন্যা রানী পাল (৩২) এবং তার মামা তাপস দেবনাথকে (৪৪) গ্রেপ্তার করা হয়।
পরিবারের সদস্য ও স্থানীয়দের অভিযোগ, বন্যা রানী পালের সঙ্গে কামাল পঞ্চায়েতের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। এ সম্পর্ক নিয়ে শাশুড়ি নমিতা রানী পাল আপত্তি জানিয়ে আসছিলেন। ঘটনার দিন তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত করা হয় বলে অভিযোগ রয়েছে।
র্যাব-৮ সূত্র জানায়, হত্যাকাণ্ডের পর থেকে কামাল পঞ্চায়েত বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ভাণ্ডারিয়ার ছোটকানুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহব্বত খান জানান, র্যাব-৮ সদস্যরা রাত ৯টার দিকে কামাল পঞ্চায়েতকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।