
পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের কঠবাড়িয়া থেকে গোপালপুর পর্যন্ত দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় দেড় কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজের সূচনা হয়।
উপজেলার খানমরিচ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাফেজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন। এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা রোস্তম আলী। উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় মাওলানা মহির উদ্দিন বলেন, জনগণের জীবনমান উন্নয়ন এবং এলাকার সার্বিক অগ্রগতির লক্ষ্যে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে।
তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ, কৃষি খাতের উন্নয়নে খাল খনন এবং জরুরি সেবার মানোন্নয়নে ফায়ার সার্ভিস স্থাপনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, জনগণ যে আস্থা ও প্রত্যাশা নিয়ে জনপ্রতিনিধিদের দায়িত্ব দিয়েছেন, তা পূরণে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠানে পাবনা-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আছগার-এর উপস্থিত থাকার কথা থাকলেও জাতীয় সংসদের অধিবেশন চলমান থাকায় তিনি উপস্থিত হতে পারেননি।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
উন্নয়ন কাজ সম্পন্ন হলে কঠবাড়িয়া-গোপালপুর এলাকার মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি শিক্ষা, কৃষি এবং ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।