
ফেনীর ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নে বজ্রপাতে দুই শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার বিকালে ফুলগাজীর বসন্তপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- বসন্তপুর পূর্বপাড়ার মো. শহিদের মেয়ে নাদিয়া আক্তার (১০) এবং ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পূর্ব দেবপুর গ্রামের মো. আরিফের ছেলে আবির হোসেন (৭)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন। পারিবারিক সূত্র জানায়, দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল নাদিয়া ও আবির। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাদের ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত নাদিয়ার বাবা মো. শহিদ বলেন, ‘আমার এক ছেলে ও এক মেয়ে। নাদিয়া স্থানীয় একটি মাদরাসায় তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত ছিল। মেয়ের মৃত্যুতে পুরো পরিবার শোকে স্তব্ধ হয়ে পড়েছে। কেউই এমন মৃত্যু মেনে নিতে পারছে না।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. আনিছুর রহমান বলেন, ‘বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে।