
কুমিল্লার তিতাস থানার গেটের সামনে অভিযোগকারী পক্ষের ওপর হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে এবং উক্ত ঘটনার ২ মিনিট ২৩ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগেরচর গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গত কয়েকদিন যাবৎ উত্তেজনা চলছিল। বুধবার সকালে উক্ত ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে মারামারি হয়। পরে ঐ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিতে আসে। একপক্ষ অভিযোগ দায়েরের পর থানার গেট এলাকায় গেলে তাদের উপর প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালাচ্ছেন এবং ইটপাটকেল নিক্ষেপ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে জড়িতদের আটক করেন। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক জানান, রান্নাঘর নিয়ে নাগেরচর গ্রামের মো. শাহ আলম ও তাহের আলী দুই ভাইয়ের মধ্যে সৃষ্ট বিরোধ থেকেই ঘটনার সূত্রপাত।