
রংপুর মহানগরীতে ভাজাপোড়া দোকানের এক কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মালিকের পুত্রের বিরুদ্ধে। এই ঘটনায় তাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৯ টায় নগরীর খামার মোড় এলাকায় আমির হোসেনের (৫০) ভাজাপোড়ার দোকানে এই ঘটনা ঘটে। এ সময় মালিক আমির হোসেনের পুত্র মনু মিয়ার সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয় দোকানের কর্মচারী শাওন মিয়ার। এক পর্যায়ে দোকানে থাকা লোহার হাতুড়ি দিয়ে তার মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারতে থাকে মনু মিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলেচিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মনু মিয়াকে স্থানীয়রা আটক করে গোয়েন্দা পুলিশের হাতে সোপর্দ করেছে।
রংপুর মহানগর পুলিশের পুলিশ কমিশনার ডিবি সনাতন চক্রবর্তী জানান, আটক মনু মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।