
শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে শক্তিশালী নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে যুগ-উপযোগী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিল্প প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রের ব্যক্তিবর্গের সমন্বয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে নেত্রকোনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। কলেজের অধ্যক্ষ রতন কুমার পণ্ডিত এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের খান।
এ সময় কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন দূর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী বিপ্লব বিকাশ পাল চৌধুরী। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবীর আহাম্মদ, টিটিসি’র অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদ, বিসিক এর উপ-ব্যবস্থাপক সুব্রত কুমার করসহ বিভিন্ন শিল্প উদ্যোক্তারা বক্তব্য রাখেন।