
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার নকুলবাড়িয়া গ্রামের ধোপাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেক প্রামাণিক ও হাচেন প্রামাণিক। তারা উভয়েই মৃত রিয়াজ প্রামাণিকের ছেলে। এছাড়া আহত হয়েছেন হাতেমের ছেলে লালন এবং মৃত জালালের ছেলে লাল্টু। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহাবুর রাহমান জানান, অটোরিকশায় থাকা ৪ যাত্রী নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কেনার উদ্দেশ্যে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। অপরদিক থেকে আসা একটি ট্রাক ঢাকা মেট্রো (ট-১২-৭৪৪৪) বানেশ্বর বাজারে অটোরিকশার সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং অপর দুইজন গুরুতর আহত হন।
ঘটনাস্থলে একজন নিহত হয় এবং আরও তিনজনকে গুরুতর আহত হয়। আহতদের রামেক হাসপাতালে নেওয়া হলে হাচেন মারা যায়। ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়েছে ট্রাকটি আটক করা হয়েছে।