
২০২৪ সালের জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে নিহত অটোরিকশাচালক শহীদ মানিক মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আখতারুজ্জামান ভুট্টুকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। বুধবার (১৭ জুন ) ভোরে নগরীর মেডিকেল মোড় এলাকা থেকে তাজহাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আখতারুজ্জামান ভুট্টু রংপুর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। তিনি তাজহাট শেখপাড়া এলাকার পাগলা আহম্মদের ছেলে। পুলিশ জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে ভুট্টু আত্মগোপনে ছিলেন। তিনি জুলাই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সরাসরি অংশ নেওয়া ছাড়াও অর্থ জুগিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি তিনি নগরীতে ফিরে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছিলেন এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।