ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

মেঘনায় ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

মেঘনায় ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

স্কুল ফাঁকি দিয়ে বন্ধুদের সঙ্গে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের চার ঘণ্টা পর দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল বুধবার বিকালে নদী থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। নিহতরা হলো- রাজধানীর কদমতলী থানার শনিআখড়া এলাকার রাজু মিয়ার ছেলে ও বর্ণমালা স্কুলের দশম শ্রেণীর ছাত্র মেরাজ (১৫) এবং ধনিয়া এলাকার ফারুক ভূঁইয়ার ছেলে ও এ কে স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র কায়েস ভূঁইয়া (১৩)।

সহপাঠীদের সূত্রে জানা যায়, বুধবার দুপুরে রাজধানীর একে স্কুল অ্যান্ড কলেজের ৩ জন এবং বর্ণমালা স্কুলের ৪ জন শিক্ষার্থী স্কুল ফাঁকি দিয়ে একত্রিত হয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঘুরতে আসে। দুপুর ২টার দিকে তারা নদীতে গোসলে নামে। একপর্যায়ে তাদের মধ্যে দুইজন পানিতে তলিয়ে যেতে লাগলে মেরাজ ও কায়েস তাদের উদ্ধার করতে এগিয়ে যায়। কিন্তু সাঁতার না জানায় তীব্র স্রোতের তোড়ে মেরাজ ও কায়েস নিজেই নদীর পানিতে তলিয়ে যায়। ?খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দীর্ঘ চার ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে বিকাল থেকে একে একে মেরাজ ও কায়েসের লাশ নদী থেকে উদ্ধার করা হয়।

নিহতদের পরিবার জানায়, সন্তানরা যে স্কুল ফাঁকি দিয়ে মেঘনা নদীতে ঘুরতে এসেছে, সে বিষয়ে তারা কিছুই জানতেন না। সাঁতার না জানাটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত