
চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে মকিমাবাদ এলাকার একটি বাড়ির সামনে অভিযান চালানো হয়। এ সময় বানিয়াকান্দি গ্রামের আবিদ আলী মিজির ছেলে মো. রবিউলকে গ্রেপ্তার করা হয়।
তার দেওয়া তথ্য মতে ঘটনাস্থল থেকে কসটেপে মোড়ানো সাতটি বান্ডেলে মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই দিনে রাত ৮টার দিকে মকিমাবাদ স্টেশন রোড এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মকিমাবাদ এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে মাহবুব আলম বাবলুকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য মতে ঘটনাস্থল থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
হাজীগঞ্জ থানার ওসি আবদুল মান্নানের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় হাজীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।