ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন

শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন

জয়পুরহাটের ক্ষেতলালে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আ. রহিম ওরফে কাইল্যা মণ্ডল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার জয়পুরহাট শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ আবদুর রহমান এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিল। পরে তাকে কড়া পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মোছা. রিনাত ফেরদৌস রিনি রায়ের বিষয়টি জানান। দণ্ডপ্রাপ্ত রহিম জেলার ক্ষেতলাল উপজেলার জালিয়াপাড়া (পূর্বপাড়া) মৃত জসিম উদ্দিন ওরফে জমির মন্ডলের ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি স্কুলের শিশু শ্রেণির ছাত্রী ছিল। ২০১৭ সালের ২৯ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে খেলা করার সময় প্রতিবেশী মো. রহিম ওরফে কাইল্যা মণ্ডল শসা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়ি থেকে প্রায় ৪০০ গজ দূরে একটি শসা ক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণ করে।

ঘটনার পর শিশুটি বাড়িতে এসে কান্নাকাটি করলে এবং শারীরিক অসুস্থতা দেখা দিলে বিষয়টি পরিবারের নজরে আসে।

গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা মো. তাইজুল ইসলাম বাদী হয়ে ক্ষেতলাল থানায় আসামির বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত