
জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে নেমে ইব্রাহিম হোসেন ইসমাইল ও ওসমান মিয়া নামে দুই শিশুর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুরা হলো রাধানগর গ্রামের শামিম মিয়ার ছেলে ওসমান (৮) ও একই এলাকার ফিরোজ মিয়ার ছেলে ইব্রাহিম হেসেন ইসমাইল (৭)। তারা দুইজনই স্থানীয় মাদরাসার শিক্ষার্থী বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে মাদরাসা থেকে বাড়ী আসে ইব্রাহিম ও ওসমান। পরে তীব্র গরমে বাড়ীর পাশে রাধানগর সানসেট পয়েন্ট এলাকার যমুনা নদীর পাড়ে আরও ৫-৬ জন সহপাঠিদের সাথে খেলতে যায়। খেলা শেষে সবাই নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে ইব্রাহিম ও ওসমান তলিয়ে যেতে থাকে। তাদের সাথে থাকা অন্য শিশুরা চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালালেও ততক্ষণে শিশু দুইটি পানিতে তলিয়ে যায়। ?খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ও ডুবুরি ইউনিট। এ বিষয়ে জামালপুর ফায়ার স্টেশনের লিডার মোঃ শহিদুল ইসলাম বলেন, আমরা ডুবে যাওয়া স্থানে উদ্ধার কাজ পরিচালনা করছি। তবে স্রোত বেশি থাকায় পাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। তবুও আমাদের সাধ্য অনুযায়ী উদ্ধার কার্যক্রম চলছে।