
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জুরানপুর ইউনিয়নের দলকা লক্ষ্মীপুরে মাদক সেবনের অপরাধে কোমল ফকির ও রবিন ইসলামপক ২ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার বিকালে দামুড়হুদা থানা পুলিশের সহযোগিতায় উপজেলার জুড়ানপুর ইউনিয়নের গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন আলম।
দামুড়হুদা উপজেলা প্রশাসন সুত্রে জানাগেছে, মোবাইল কোর্টে উপজেলার লক্ষীপুর গ্রামের কমল ফকির এবং গোপালপুর গ্রামের রবিন ইসলামকে মাদকদ্রব্য সংশ্লিষ্ট অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। পরে তাদের প্রত্যেককে ২ বছরের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।