ঢাকা রোববার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

এসিল্যান্ডের ওপর হামলার ঘটনায় ধর্মমন্ত্রীর নিন্দা

এসিল্যান্ডের ওপর হামলার ঘটনায় ধর্মমন্ত্রীর নিন্দা

কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। জানা গেছে, শুক্রবার রাতে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে নিজ এলাকায় দুর্বৃত্তদের বর্বরোচিত হামলার শিকার হন মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন। এই ন্যাক্কারজনক ঘটনায় একজন নারীসহ মোট ৬ জন গুরুতর আহত হয়েছেন।

আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গতকাল শনিবার এক বিবৃতিতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, দেশের একজন দায়িত্বশীল, সৎ ও নিষ্ঠাবান প্রশাসনিক কর্মকর্তার ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বিবৃতিতে আরও উল্লেখ করেন, আমি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। ধর্মমন্ত্রী কায়কোবাদ হামলায় আহত সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি চিকিৎসাধীন অন্য আহতদেরও দ্রুত আরোগ্য কামনা করেছেন। এদিকে, মাঠ প্রশাসনের একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার ওপর এমন প্রকাশ্য ও নৃশংস হামলার খবর ছড়িয়ে পড়লে মুরাদনগরের স্থানীয় জনমনে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করছেন, একজন সরকারি কর্মকর্তার ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়, বরং রাষ্ট্রীয় প্রশাসন ও সামগ্রিক আইনশৃঙ্খলা ব্যবস্থার জন্যও একটি বড় ধরনের চ্যালেঞ্জ। তারা অবিলম্বে এই হামলার পেছনের মূল হোতাদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত