ঢাকা রোববার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ভারতে পাচারের সময় ৩১টি স্বর্ণের বারসহ আটক দুই

ভারতে পাচারের সময় ৩১টি স্বর্ণের বারসহ আটক দুই

ভারতে পাচারের সময় যশোরে সাত কোটি টাকা মূল্যের ৩১টি স্বর্ণের বার এবং একটি প্রাইভেটকারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার রাত ২টার দিকে যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- নড়াইলের নড়াগাতি থানার খাসিআল গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে খন্দকার মাহাবুবুল হক এবং যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের মো. সানু মিয়ার ছেলে মো. আনিস। যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর মোড়ে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার তল্লাশি করে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৯৫ টাকা। স্বর্ণের পাশাপাশি চোরাচালানের কাজে ব্যবহৃত ৫৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১টি প্রাইভেটকার, ৩৬ হাজার টাকা মূল্যের ৩টি মোবাইল এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়। তিনি আরও জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে এই স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছিল। পরবর্তীতে সড়ক পথে ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে তা ভারতে পাচারের পরিকল্পনা ছিল। জব্দকৃত স্বর্ণ ও আসামিদের যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত