ঢাকা রোববার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ভাণ্ডারিয়ায় দুই কলেজ শিক্ষকের এমপিও বাতিল

ভাণ্ডারিয়ায় দুই কলেজ শিক্ষকের এমপিও বাতিল

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার শিয়ালকাঠী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের দুই প্রভাষকের এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) বাতিল করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। জাল শিক্ষাগত সনদ ও সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে এমপিওভুক্ত হওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে এমপিও বাবদ উত্তোলিত সরকারি অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পিআইইউ) প্রকৌশলী মো. মাকসুদুর রহমান স্বাক্ষরিত গত ১০ জুন ২০২৬ তারিখের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী তদন্ত ও পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমপিও বাতিল হওয়া শিক্ষকরা হলেন কলেজটির প্রভাষক (হিসাবরক্ষণ) বিজন চন্দ্র হাওলাদার (ইনডেক্স নং-২১১০২২১০) এবং প্রভাষক (কম্পিউটার অপারেশন) মো. রফিকুল ইসলাম (ইনডেক্স নং-২১১০২২০৯)।

অভিযোগ অনুযায়ী, বিজন চন্দ্র হাওলাদার এইচএসসি (বিএম) শিক্ষাক্রমে হিসাবরক্ষণ স্পেশালাইজেশন শাখার কোনো সরকারি অনুমোদন (জিও) না থাকা সত্ত্বেও এমপিও আবেদন করেন এবং অবৈধভাবে এমপিও সুবিধা গ্রহণ করেন। এ কারণে তার এমপিও বাতিল করা হয়েছে। পাশাপাশি এমপিও বাবদ উত্তোলিত সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা দিয়ে তার প্রমাণক কারিগরি শিক্ষা অধিদপ্তরে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, রফিকুল ইসলামের দাখিল করা ‘বিএসসি ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং’ ডিগ্রির সনদ তদন্তে জাল ও ভুয়া প্রমাণিত হয়েছে।

অসত্য তথ্য ও জাল সনদের মাধ্যমে এমপিওভুক্ত হওয়ায় নীতিমালার ২৯.১.৩ ও ২৯.১.৫ ধারা অনুযায়ী তার এমপিও স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের শাখা-১১ (এমপিও) থেকে জারি করা আদেশের স্মারক নম্বর ৫৭.০৩.০০০০.০০০.০২৮.১৮.০০১০.১৫-২৭৯। এতে গত ৭ মে ২০২৪ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জারি করা একটি স্মারকপত্রের উল্লেখ রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত