ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ময়মনসিংহে বিসিক উদ্যোক্তা মেলা

ময়মনসিংহে বিসিক উদ্যোক্তা মেলা

ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তাদের উৎপাদিত দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং স্থানীয় শিল্পের বিকাশে ময়মনসিংহে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলা। গত বৃহস্পতিবার বিসিক শিল্পনগরী, মাসকান্দায় বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। বিসিক জেলা কার্যালয়, ময়মনসিংহের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও কুটির শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও বিপণনের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের মেলার বিকল্প নেই। মেলায় মোট ৪৬টি স্টল অংশ নিয়েছে। স্টলগুলোতে হস্তশিল্প, দেশীয় পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, পাটজাত পণ্য, মধু, জামদানি, মৃৎশিল্প, নকশিকাঁথা, বাঁশ ও বেতের তৈরি সামগ্রীসহ বিভিন্ন দেশীয় ও ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে।

আয়োজকরা জানান, মেলার মাধ্যমে উদ্যোক্তারা সরাসরি ক্রেতাদের কাছে তাদের পণ্য উপস্থাপনের সুযোগ পাবেন। এতে একদিকে যেমন বিক্রয় বৃদ্ধি পাবে, অন্যদিকে ক্রেতারা দেশীয় মানসম্পন্ন পণ্য সম্পর্কে জানার সুযোগ পাবেন। বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য এটি তাদের ব্যবসা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, দেশীয় শিল্প ও উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য ব্যবহারে সবাইকে উৎসাহিত করতে হবে। উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও বাজার সম্প্রসারণে বিসিকের এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত।

স্থানীয় উদ্যোক্তারা জানান, এমন আয়োজন তাদের পণ্য পরিচিতি বৃদ্ধি, নতুন ক্রেতা তৈরি এবং ব্যবসার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে। ফলে স্থানীয় শিল্প ও অর্থনীতির বিকাশেও এ মেলা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা মনে করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত