
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ক্ষতিকর তামাক চাষ থেকে কৃষকদের ফিরিয়ে এনে লাভজনক বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধ করতে মাঠপর্যায়ে কৃষকদের নিয়ে সরাসরি সচেতনতামূলক উঠান বৈঠক ও সভা করছে উপজেলা কৃষি অফিস।
গতকাল রোববার সকাল ১১ টার দিকে উপজেলার তিল্লী ইউনিয়নের পশ্চিম চরতিল্লী গ্রামে স্থানীয় কৃষকদের নিয়ে এক সচেতনতামূলক উঠান বৈঠকে উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া তাবাসসুম উপস্থিত থেকে তামাক চাষের পরিবেশ, স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ক্ষতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
তামাক চাষে জমির উর্বরতা কমে এবং কৃষকসহ সংশ্লিষ্টদের স্বাস্থ্যঝুঁকি বাড়ে। অন্যদিকে একই জমিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সরিষা, গম, ভুট্টা, শাকসবজি ও অন্যান্য রবি ফসল চাষ করলে অধিক লাভের পাশাপাশি খাদ্য উৎপাদনও বৃদ্ধি করা সম্ভব।
উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া তাবাসসুম আরও বলেন, তামাক চাষ মাটি, পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। কৃষকদের এই ক্ষতিকর চাষ থেকে বের করে এনে লাভজনক ও নিরাপদ ফসলের দিকে নিয়ে আসাই আমাদের এক মাত্র লক্ষ্য।
উপজেলা কৃষি কর্মকর্তা আরো বলেন কৃষি বিভাগ তাদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা, প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে পাশে থাকবে।
কৃষকদের সচেতন করতে মাঠপর্যায়ে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে, যাতে তামাকের পরিবর্তে খাদ্যশস্য ও অর্থকরী বিকল্প ফসলের আবাদ দিন দিন বৃদ্ধি পায়।