ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে শিবিরকর্মী খুন

স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে শিবিরকর্মী খুন

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনার পাড়ায় কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে সাইফুল ইসলাম (২২) নামের এক ছাত্রশিবির কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল রোববার দুপুর আড়াইটায় বোনারপাড়া চৌরাস্তা মোড়ে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সঙ্গে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন বিষয়ে বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মুকুলের কথা কাটাকাটি হয়। এ সময় ছাত্রশিবির বোনারপাড়া ইউনিয়ন কমিটির সভাপতি সাইফুল ইসলাম ও সালাউদ্দিন প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে মুকুল, তার সহোদর ভাই পলাশ ও জনৈক আশরাফ ধারালো ছুরি দিয়ে সাইফুল ইসলাম ও সালাউদ্দিনকে উপর্যপুরি ছুরিকাঘাত করে।

রক্তাক্ত অবস্থায় সাইফুল ইসলামকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহত সাইফুল ইসলাম শিমুল তাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে। অন্য দিকে সালাউদ্দিনের অবস্থা আশংকাজনক। তিনি বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সাঘাটা থানার ওসি মাহবুব আলম বলেন, এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত