
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগের মামলায় গ্রেপ্তার ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম জামিন পেয়েছেন। গতকাল রোববার বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সদর আমলি আদালতের বিচারক মেহেদী হাসান শুনানী শেষে জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী তানজিম আল মিসবাহ জামিনের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের গাছা থানার বোর্ডবাজার এলাকা থেকে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ রেজানুর ইসলামকে গ্রেপ্তার করে পরদিন শুক্রবার (১৯ জুন) আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে কেন্দ্র করে গত ১৭ জুন বগুড়া সদর থানায় মামলা করেন বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন। মামলায় পত্রিকার সম্পাদক ও প্রকাশকসহ ছয়জনকে আসামি করা হয়। পরে সদর থানা মামলাটি সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর বিভিন্ন ধারায় রেকর্ড করে তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশকে।