ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

কুমিল্লার তিতাস উপজেলার আসমানিয়া বাজার খেয়াঘাট সংলগ্ন গোমতী নদীতে গোসল করতে নেমে মো. মিরাজ হোসেন (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। রোববার দুপুর ১২টায় গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়। ঘটনার পর স্থানীয় ও হোমনা ফায়ার সার্ভিসের একটি দল প্রায় সাড়ে ৩ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করতে না পারলেও ডুবুরীর তৎপরতায় বিকাল সাড়ে ৪টায় তার লাশ উদ্ধার করে।

নিখোঁজ মিরাজ হোসেন উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের সৌদি প্রবাসী মোশাররফ হোসেন মিয়ার ছেলে। তিন ভাইয়ের মধ্যে সে সকলের বড়। সে কুমিল্লা শহরের কালাগাউছিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। মাদ্রাসা থেকে মিরাজ শনিবার বাড়িতে এসেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গোমতী নদীতে গোসল করতে নেমে একপর্যায়ে মিরাজ নিখোঁজ হয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন নদীতে ব্যাপক খোঁজাখুঁজি চালান। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও তার কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। হোমনা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে দুপুরে উপস্থিত হয়ে প্রায় ১ ঘন্টা উদ্ধার তৎপরতা চালায়। বিকাল ৪টায় নারায়নগঞ্জ থেকে ডুবুরির একটি দল ঘটনাস্থলে পৌছে। বিকাল সাড়ে ৪টায় নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল হক জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ডুবুরী মূলত চাঁদপুর ও নারায়নগঞ্জ থেকে আনতে হয়। তাই একটু বিলম্ব হয়েছে। ডুবুরীর দল প্রায় আধা ঘন্টা চেষ্টার পর মিরাজের লাশ উদ্ধার করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত