
নেত্রকোনার বারহাট্টা উপজেলার বড়গাঁও গ্রামে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকালে উপজেলার বড়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের মৃত আব্দুর রাশিদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে বৃষ্টির সময় মাঠে থাকা গরু আনতে যান জাহাঙ্গীর আলম। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শী রেনু বেগম জানান, তিনি গরু আনতে গিয়ে জাহাঙ্গীর আলমকে মাঠে পড়ে থাকতে দেখেন। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হাসপাতালে আনার পর চিকিৎসকরা ইসিজি পরীক্ষা করে নিশ্চিত হন যে জাহাঙ্গীর আলম আগেই মারা গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, দুই ভাই ও তিন বোনের মধ্যে জাহাঙ্গীর আলম ছিলেন সবার বড়।