
আশুলিয়ায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবককে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় জাকির হোসেন নামে আরেক অভিযুক্ত পলাতক। গত শনিবার সকাল ১১টার দিকে আশুলিয়ার জামগড়া প্রাইমারি স্কুল সংলগ্ন সিফাতের ভাড়া বাসায় এই ধর্ষণের ঘটনা ঘটে। পরে একই দিন রাত ৯টার দিকে আশুলিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন- জামগড়া প্রাইমারি স্কুলের পেছনে লীলা চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া মো. জয়নালের ছেলে সিফাত, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চাপখন্ড এলাকার মোবারক শেখের ছেলে মমিন শেখ, সিরাজগঞ্জ জেলার সলংগা থানার রাউলী এলাকার দেলোয়ার শেখের ছেলে মো. সুমন শেখ। এই মামলায় ঘটনার সঙ্গে জড়িত জাকির হোসেন নামে অপর এক অভিযুক্ত পলাতক। তার বিরুদ্ধে ভুক্তভোগী ও অন্যান্য আসামিদের মোবাইল ফোন নিজের হেফাজতে নিয়ে তথ্য গোপন ও প্রমাণ নষ্টের চেষ্টার অভিযোগ রয়েছে। আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের গতকাল রোববার আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।