ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

টাঙ্গাইলে বেহাল সড়কে চরম দুর্ভোগ

টাঙ্গাইলে বেহাল সড়কে চরম দুর্ভোগ

টাঙ্গাইল পৌরসভার ৭ নং ওয়ার্ড সন্তোষ এলাকায় বক্ষব্যাধি হাসপাতালের সামনের সন্তোষ-বাগবাড়ী সড়কের বেহাল দশা। সড়কের বেশিরভাগ অংশে বড় বড় গর্ত হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কে হাটু পরিমান পানি জমে থাকে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারও মানুষ। অন্তহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে ট্রাক, ব্যাটারিচালিত অটো-রিকশা, সিএনজিসহ বিভিন্ন যানবাহন চালকদের।

সরেজমিনে দেখা যায়, এটি যেন পৌরসভার নয়, গ্রাম গঞ্জের কাদা মাটির সড়ক। অবহেলার এক নির্মম চিত্র পুড়ো সড়কজুড়ে। বেশির ভাগ অংশেরই উঠে গেছে পিচঢালাই। পাকা সড়ক ভেঙে রূপ নিয়েছে গ্রাম গঞ্জের কাদা মাটির সড়কের। স্থানীয়রা জানান, সন্তোষ-বাগবাড়ী সড়ক দিয়ে রাত দশটার পর থেকে প্রতিরাতে দশচাকার বালু ভর্তি ট্রাক চলাচল করে। এসব ভারী ট্রাক চলাচল করার কারনে এ সড়কের বেহাল অবস্থা। ট্রাক চলাচলের জন্য বাধা দিলে প্রভাবশালী বালু ব্যাবসায়ীরা স্থানীয় বাসিন্দাদের নানা রকম হুমকি দেয়।

একারনে স্থানীয় কোন লোক বালুর ট্রাক চলাচলে বাধা দিতে সাহস পায় না। রিকশাচালক আমির হামজা জানান, তার বাড়ী সন্তোষ এলাকায় শহরে রিকশা চালান, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সন্তোষ-বাগবাড়ী সড়ক দিয়ে চলাচল করেন। দ্রুত সময়ের মধ্যে সড়কটির সংস্কারের দাবি জানান তিনি। স্থানীয় গণমাধ্যমকর্মী আনিছুর রহমান খান জানান, রাত ১০ টা থেকে প্রতিরাতেই দশ চাকার বালু ভর্তি ট্রাক চলাচল করে। কয়েক দিন ট্রাক ড্রাইভারকে নিষেধ করেছেন তিনি। নিষেধ করলেও বালু ব্যাবসায়ীরা নিষেধ মানে না।

দশচাকার ট্রাক চলার কারণে পাকা সড়ক ভেঙে রূপ নিয়েছে গ্রামে গঞ্জের কাদা মাটির কাচা রাস্তায়। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টাঙ্গাইল পৌরসভার প্রশাসক সঞ্জয় কুমার মোহন্ত জানান, সড়কটির বিষয়ে তিনি অবগত নন। খোজ নিয়ে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত