
রাজবাড়ীর গোয়ালন্দে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক কালবেলা পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি সাংবাদিক রাকিবুজ্জামান রাকিব। জিডি সূত্রে জানা যায়, গত ২২ জুন বিকাল ৪টার দিকে নিজ ফেসবুক আইডি ব্যবহারকালে তিনি দেখতে পান, ‘ভালোবাসার গোয়ালন্দ’ নামের একটি ফেসবুক আইডি থেকে তার এবং দৈনিক ইনকিলাবের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোজাম্মেল হক লাল্টুর ছবি ব্যবহার করে একটি পোস্ট প্রকাশ করা হয়েছে। ওই পোস্টে তাদের বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ আনা হয়।
অভিযোগকারী রাকিবুজ্জামান রাকিব জিডিতে উল্লেখ করেন, উল্লিখিত ঘটনার সঙ্গে তিনি বা সাংবাদিক মোজাম্মেল হক লাল্টুর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং পেশাগত সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা এ ধরনের অপপ্রচার চালিয়েছে বলে তিনি দাবি করেন। জিডিতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ফেসবুক আইডির প্রকৃত ব্যবহারকারীর পরিচয় শনাক্ত এবং অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। এ বিষয়ে সাংবাদিক রাকিবুজ্জামান রাকিব বলেন, আমাদের নামে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি। গোয়ালন্দ ঘাট থানার তদন্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জিডির কপিসহ বিষয়টি সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হবে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে সংশ্লিষ্ট আইডির ব্যবহারকারীকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।