ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ফাতেমার পরিবার পাচ্ছে ঘর

ফাতেমার পরিবার পাচ্ছে ঘর

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর কোর্ট ভবন এলাকায় ২০২২ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বোন সানজিদা (৮) বাবা জাহাঙ্গীর ও মা রত্না বেগমের মৃত্যুর সময় মায়ের পেট ফেটে জন্ম নেয়া শিশু অলৌকিকভাবে প্রাণে বেঁচে যাওয়া ফাতেমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসন।

গতকাল শনিবার বিকেলে জেলা প্রশাসন ও ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশু ফাতেমার পরিবারের হাতে নগদ অর্থ, খাদ্য সামগ্রী, ঘর মেরামতের জন্য ঢেউটিন এবং দোকানের জন্য বিভিন্ন পণ্যসামগ্রী তুলে দেন ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান। এসময় ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এর সাথে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছাইফুল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফাতেমার দাদার বাড়ি পরিদর্শন করেন।

তারা পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং ফাতেমার বাবা-মা ও বোনের কবর জিয়ারত করেন। জেলা প্রশাসক ফাতেমার দাদার জন্য নতুন ঘর নির্মাণের আশ্বাস দেন। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফাতেমার বাড়িতে যাওয়ার সড়ক দ্রুত পাকাকরণ এবং সড়কটির নাম ফাতেমার নামে নামকরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি পাকাকরণের উদ্যোগ নেওয়া হবে। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতারা, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ২০২২ সালের ১৬ জুলাই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালে সড়ক পারাপারের সময় একটি ট্রাকের চাপায় ফাতেমার বাবা, মা ও বোন নিহত হন। দুর্ঘটনার পর সড়কেই নিহত অন্তঃসত্ত্বা মা রত্না বেগমের গর্ভ ফেটে অলৌকিকভাবে জীবিত জন্ম নেয় ফাতেমা । ২০২২ সালে সেই হৃদয় বিদারক ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত