
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল মহাসড়কের গোলচত্বর এলাকায় ফিল্মি স্টাইলে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য দুর্দর্ষ সুরুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে রংপুর জেলা সদর এলাকার মৃত মিনহাজের ছেলে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ গ্রেপ্তার অভিযানে পুলিশ কনস্টেবল রুহুল গুরুতর আহত হন। গতকাল শনিবার সলঙ্গা থানায় এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ-সলঙ্গা সার্কেল) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিফিংয়ে বলা হয়েছে, সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বেশ কয়েকটি ডাকাতি ও চুরির ঘটনা বিশ্লেষণ করে পুলিশ এই চক্রটিকে শনাক্ত করে।
পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু’র দিক নির্দেশনায় ডিয়ারিং সুরুজকে গ্রেপ্তারে মহাসড়কে বিশেষ নজর রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে সলংগা থানার ওসি আসলাম আলীর নেতৃত্বে একদল পুলিশ ওই গোলচত্বর এলাকায় অবস্থান নেয়। এ সময় ঢাকা রুটে একটি পিকআপভ্যান প্রবেশকালে সিগন্যাল দেওয়া হয়।
এ সিগন্যাল অমান্য করলে পুলিশ ফিল্ম স্টাইলে গাড়িটি আটক করে এবং ওই ডাকাতকে গ্রেপ্তার করলেও অনান্য ডাকাত সদস্যরা বিশেষ কৌশলে আগেই পালিয়ে যায়। এ সময় তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানসহ গ্রিল কাটার, চাপাতি, রশি, রিপার, লোহার রড, বালি ও ইটের টুকরা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং এ অভিযানে রুহুল নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছে।
তাকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত ২৪ জুন গভীর রাতে এ চক্রকে গ্রেপ্তারে পুলিশ অভিযানে ব্যর্থ হয়। এ সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সুরুজ ডাকাতির সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং তার বিরুদ্ধে একাদিক ডাকাতি মামলাও রয়েছে। এ চক্রের অন্য সদস্যদের বিষয়ে সে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এ চক্রের আরও আরও ৮ জন সদস্য রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।