
ফরিদপুরের কোতোয়ালি থানার রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮০ বোতল স্কাফ সিরাপ জব্দ করেছে র্যাব-১০। এ সময় মাদক বহনের অভিযোগে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। গত শুক্রবার রাতে র্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা-ঢাকাগামী মহাসড়কের রাজবাড়ী রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় একটি সন্দেহভাজন প্রাইভেটকারে তল্লাশি করে স্কাফ সিরাপের চালানটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম রানা গাজী (৩২)। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর এলাকার রহিম গাজীর ছেলে। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা গাজী স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
তিনি সাতক্ষীরার দেবহাটা থানার একটি মামলার এজাহারভুক্ত আসামিও। অভিযানে ৮০ বোতল স্কাফ সিরাপ এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। র্যাব জানিয়েছে, জব্দ করা আলামত ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হবে।
র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। যুবসমাজকে রক্ষা এবং মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানান। ফরিদপুরে সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাবের এ অভিযানে বড় ধরনের একটি মাদক চালান আটক হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।