ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান

এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান

কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বর্ণাঢ্য আলোচনা সভা, মেধা বৃত্তি প্রদান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কলেজের বিদায়ী শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়। গতকাল কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও কলেজ গভর্নিং বডির সভাপতি মিজানুল আলম। গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোতাহার হোসেনের সুনিপুণ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃৃত করেন গভর্নিং বডির সদস্য আলহাজ্ব মোল্লা গোলাম মহিউদ্দিন এবং হাজী মজিবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন। এরপর বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেগঘন স্মৃতিচারণ ও ভবিষ্যৎ পথচলার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন শিক্ষার্থী চৌধুরী আহমেদ বুশরা ও নাফিজ আহমেদ। বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের আসন্ন পরীক্ষায় সাফল্য কামনা করে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। অনুষ্ঠানে অনন্য সাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ কলেজের তিনটি বিভাগের (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) মোট ৯ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ২ হাজার টাকা করে বিশেষ আর্থিক পুরস্কার ও মেধা বৃত্তি বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী পরীক্ষার্থীদের পরীক্ষা ও ভবিষ্যৎ জীবনের সাফল্য এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজ মসজিদের পেশ ইমাম মাওলানা জাকির হোসাইন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত