ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

তিস্তায় বাড়ছে পানি, থেমে নেই ভাঙন

তিস্তায় বাড়ছে পানি, থেমে নেই ভাঙন

উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে তিস্তা অববাহিকার বৃহত্তর রংপুরের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা নিয়ে সতর্ক করা হয়েছে। গতকাল রোববার বিকালে রংপুর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত তিস্তা নদীর পানি ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। একই সময়ে কাউনিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। উজানের ঢলে বেড়েছে রংপুরের ঘাঘট, যমুনেশ্বরী নদীর পানিও। ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে ভারি বৃষ্টি পরিলক্ষিত হওয়ায় তিস্তা নদী বৃদ্ধি পেয়ে বন্যার শংঙ্কা দেখা দিয়েছে। সেইসঙ্গে রোববার ও সোমবার রংপুর বিভাগের ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

গত কয়েকদিন ধরে তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি ওঠানামা করছে। পানির এমন বৃদ্ধি ও হ্রাসে নদী-তীরবর্তী মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে তিস্তার ভাটিতে থাকা নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দারা নদী ভাঙনের তীব্রতাসহ বন্যার আশঙ্কায় রয়েছেন। তবে বর্তমানে তিস্তার চরাঞ্চলে মৌসুমি ফসল না থাকায় কৃষকদের বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারপরও পানি আরও বৃদ্ধি পেলে বসতবাড়ি ও যোগাযোগ ব্যবস্থায় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, রংপুরের তিস্তা নদীর পানি আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। এতে করে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধায় নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে এ তথ্য সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত