
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় উফশী রোপা আমন ধান, মরিচ (হাইব্রিড), গ্রীষ্মকালীন (উফশী ও হাইব্রিড) সবজি এবং বৃক্ষের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে বীজ, রাসায়নিক সার ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের শুভ উদ্বোধন করা হয়।
গতকাল সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই কর্মসূচি উদ্ভোধন করেন সহকারী কমিশনার ভূমি রবিউল হাসান ভূইয়া। সঙ্গে ছিলেন কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারীসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকতারা। বাঞ্ছারামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো আবদুল্লাহ আল মামুন জানান, এ কর্মসূচির আওতায় ১ হাজার জন কৃষককে বিনামূল্যে রোপা আমন ধান বীজ ও রাসায়নিক সার, ৭০ জন কৃষককে হাইব্রিড মরিচের বীজ, রাসায়নিক সার ও বালাইনাশক দেয়া হয়। এছাড়াও এ কর্মসূচির আওতায় আরও ৭৫০ জন কৃষক গ্রীষ্মকালীন (উফশী ও হাইব্রিড) সবজি বীজ ও রাসায়নিক সার, ৩৫ জন কৃষক লেবুর চারা ও গোবর সার এবং ১২৪ জন কৃষক ও ৭০ টি প্রতিষ্ঠান চারা ও গোবর সার দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
বিনামূল্যে সার ও বীজ পেয়ে খোষকান্দি গ্রামের কৃষাণী মারুফা বেগম বলেন, সরকারিভাবে এই প্রথম বিনামূল্যে সার, বীজ পাওয়াতে আমাদের খুব লাভ হবে। দুই বছর যাবত সার, বীজ উঁচু মূল্যে কিনে, সেগুলো দিয়েই ফসল ফলিয়ে তেমন লাভ হচ্ছিল না। রুপসদী ইউনিয়নের কৃষক মিন্নত আলী বলেন, আমি খুব খুশী। বিনা টাকায় সার, বীজ সঙ্গে ৫টি করে গাছের চারা পেলাম। এটা দারুণ ব্যাপার। এটা যেনো সরকার অব্যাহত রাখে।