
রংপুর র্যাব-১৩ এর ঠাকুরগাঁওয়ে অভিযানে প্রায় ৩ কোটি ৪৫ লাখ টাকা মূল্যের ১১৫ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে র্যাব -১৩ অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান সোমবার বিকালে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কিসমত ভৈষা গ্রামে অভিযান চালিয়ে প্রায় ১১৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩। এ সময় মূর্তিটি চোরাচালানের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩-এর সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়নের কিসমত ভৈষা গ্রামে অভিযান চালায়। অভিযানে হাসান আহাম্মদের বসতবাড়ির গোয়ালঘর থেকে একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়।
উদ্ধার মূর্তিটির ওজন প্রায় ১১৫ কেজি। এর মাথার অংশের দৈর্ঘ্য ৩২ ইঞ্চি ও প্রস্থ ২২ ইঞ্চি এবং নিচের অংশের দৈর্ঘ্য ১৬ ইঞ্চি ও প্রস্থ ২২ ইঞ্চি। মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৪৫ লাখ টাকা। এ ঘটনায় কিসমত ভৈষা গ্রামের হাসান আহাম্মদ এবং নন্দগাঁও (মুন্সিপাড়া) এলাকার মো. নাজমুলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে মূল্যবান কষ্টি পাথরের মূর্তিটি সংরক্ষণ করে পার্শ্ববর্তী দেশে পাচারের পরিকল্পনার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(খ) ধারায় মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া মূর্তিসহ জব্দ আলামত এবং গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।