
দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। গতকাল মঙ্গলবার দুপুরে সরকারি কলেজ মোড় সংলগ্ন দিনাজপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমিতে দিনাজপুর জেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে বর্ণাঢ্য র্যালি, সিদু-কানুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির জেলা কমিটির সভাপতি রুবেন মুমুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক বাবলু টুডু।
প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল বলেন, দেশের সংবিধানে সকল সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। বর্তমান সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি নারায়ন মার্ডি, সহ-সাধারণ সম্পাদক রোবিন মুমুর, জেলা কমিটির সদস্য নাদালিনা বেশরা, রানী হাসদা, থমাস তুসা মার্ডি, বিমল মার্ডি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক রুনু মিনজি। সভাপতির বক্তব্যে রুবেন মুমুর বলেন, সাঁওতাল আদিবাসীরা প্রকৃতিনির্ভর মানুষ। তাদের অস্তিত্ব ও সংস্কৃতি টিকিয়ে রাখতে হলে অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে এ বিষয়ে সরকারের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। তিনি আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনের দাবিও পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিজয় মুমুর ও রজিনা মুমুর।