
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের কুর্শিপাড়া গ্রামে একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা ঘরের চারটি তালা কেটে ভেতরে প্রবেশ করে এবং আলমারি ভেঙে দুই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা লুট কওে। ভুক্তভোগী নাসরিন আক্তার জানান, কিছুদিন আগে তিনি ঢাকায় বড় ভাইয়ের বাসায় বেড়াতে আসছেন এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন। গত রাতেও তিনি ঢাকার বাসায় ছিলেন। বুধবার সকালে খবর পান যে, তার গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। নাসরিন আক্তার জানান, তারা তিন ভাই ও পাঁচ বোন সবাই ঢাকায় বসবাস করেন। বাড়িটি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চোরেরা ঘরের চারটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং আলমারি ভেঙে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনকারী ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন ও আজিজুল হক জানান, তারা ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছেন।